জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর ও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী—এই চারজনকে পরিবর্তন করা প্রয়োজন।
সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছেন এনসিপির এই নেতা। এর আগে গত রোববার নওগাঁয় এক সমাবেশে তিনি সরকারকে টেনে নামানোর হুঁশিয়ারি দেন।
ওই বক্তব্যে তিনি বিএনপির উদ্দেশে বলেন, “শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন, আপনারা কোথায় পালাবেন, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।”
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “বিএনপি পাহারা না দিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এনসিপির এসব নেতাদের গিলে ফেলত।”
চার মন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

















