সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই নেয়ামত। তিনি জানান, সোমবার রাতেই সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন এনসিপির ঢাকা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সাভারের তারাপুর মাঠে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দলের তিন নেতাকর্মী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘটনার পর সালামত উল্লাহ রনি, আজাহারুল ইসলাম তামিম এবং জুলাই যোদ্ধা ইউনুস আলী সাভার মডেল থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার শামীমা পারভীন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে কমিটির প্রধান করেছেন।
সাভার মডেল থানার এসআই নেয়ামত জানান, ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
















