কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
ফেসবুক পোস্টে নুরুল হক নুর দাবি করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে আচমকা হামলা চালান জামায়াত-শিবিরের অনুসারীরা।
তিনি জানান, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহান আহমেদসহ দলের অন্তত অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘জামায়াত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’ তবে হামলার অভিযোগের বিষয়ে জামায়াত-শিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


















