শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সায়েন্সল্যাব থেকে মিছিল নিয়ে এসে সংসদ ভবনের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। সকালে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সামনে অবস্থান নেন। বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আবার সায়েন্সল্যাবে ফিরে এসে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করেন।
সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হন।
সায়েন্সল্যাবে বিক্ষোভ চলাকালে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন শিক্ষার্থীদের পক্ষ থেকে বলেন, “আজ সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তাঁর অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—১৩ জুলাই দুর্যোগপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া, যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি তাদের জন্য বিকল্প পরীক্ষার ব্যবস্থা করা, ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করা।
বিকেল পৌনে ৪টার দিকে সায়েন্সল্যাব মোড়ে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি শুরু হলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।
একই দাবিতে মঙ্গলবার রাজধানীর উত্তরাসহ চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লাসহ দেশের আরও কয়েকটি জেলাতেও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।


















