আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান–ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব মাদরাসায় টানা ৪৬ দিনের ছুটি শুরু হচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এই ছুটি কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় ছুটি অব্যাহত থাকবে।
পরবর্তী সময়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের ছুটি। এর মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবেকদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। এছাড়া ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ছুটির ধারাবাহিকতা বজায় থাকবে। সব মিলিয়ে মাদরাসাগুলোতে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ।
এদিকে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত।


















