আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতমূলক আচরণের সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার সকালে জেলা স্টেডিয়ামে আনসার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো সদস্য যদি পক্ষপাতমূলক আচরণে জড়িত থাকে, তবে তাকে জেলেও যেতে হতে পারে।
মহাপরিচালক বলেন, “আমাদের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, একই সঙ্গে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা। এই দায়িত্ব পালনে ব্যর্থতা কোনোভাবেই সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় আনসার সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা রক্ষা করাই বাহিনীর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান এবং চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ।


















