আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে এবং কোনোভাবেই এই প্রক্রিয়া ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর গড়াবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, ‘১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার। আমাদের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে আমানত হস্তান্তর করা।’
গত ১৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব পালন করেছে উল্লেখ করে শফিকুল আলম জানান, এই সময়ে ৬৮টি ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে মোট ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে।
ভোক্তা পর্যায়ে স্বস্তি আনতে এলপি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের কথাও জানান প্রেস সচিব। তিনি বলেন, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে, ফলে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমবে।
আসন্ন রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
সংবাদ সম্মেলনে এ বছর একুশে পদকপ্রাপ্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজ এবং শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদারসহ আরও অনেকে রয়েছেন।
এছাড়া প্রেস সচিব জানান, এবারের নির্বাচনী পরিবেশ বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর।


















