মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া এলাকায় বিএনপির উদ্যোগে এক ব্যাপক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে এম বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মিনা এবং সঞ্চালনা করেন রাসেকুজ্জামান পলাশ।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা এবং ছাত্রদল নেতা ইমরুল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নবাগত দুই নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের করতালি ও স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। যোগদানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের বিএনপিতে সম্পৃক্ত হওয়া দলের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলেও তিনি উল্লেখ করেন।
যোগদান শেষে ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, তাদের যোগদানের মাধ্যমে নিজড়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


















