ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজ শেষে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে কিল-ঘুসি মারা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি ঝিনাইদহে যান। জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই পুলিশের উপস্থিতিতে হামলা শুরু হয় বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তাকেও লক্ষ্য করে কিল-ঘুসি মারা হয় বলে জানান তিনি।
পাটওয়ারীর দাবি, হামলার সময় তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পর এনসিপি নেতাকর্মীরা থানায় অবস্থান নিয়েছেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


















