মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হবে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের পরিকল্পনা করছে। অথচ মোটরসাইকেল ব্যবহারকারীদের বেশিরভাগই সম্পদশালী নন; বরং জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব বাড়াতে করের আওতা সম্প্রসারণ প্রয়োজন হতে পারে। তবে জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর চাপানো কোনোভাবেই যৌক্তিক নয়।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তবে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।


















