হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উপেক্ষা করে নীলফামারীর সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল বাজার পাহাড়ের মোড় এলাকায় মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘টেক্সটাইল যুব সমাজ’।
এতে স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে তারা সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। গত দুই মাস ধরে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিকল্প কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়েছিল। তবে এতে সাড়া না দিয়ে একটি প্রভাবশালী মাদক চক্র আরও সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করেন তারা।
সংগঠনের অভিযোগ, সম্প্রতি আন্দোলন বাধাগ্রস্ত করতে তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং সংগঠনের সদস্য হাফিজুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া অভিযুক্ত আতিকুল মেম্বার নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে সংগঠনের কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন আয়োজকরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে হাফিজুল নীলফামারী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানানো হয়।
এসব ঘটনার পরও মাদকবিরোধী আন্দোলন থেকে সরে না গিয়ে শত শত মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, যেকোনো বাধা উপেক্ষা করে এলাকাকে মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে হামলা ও হুমকির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত আতিকুল মেম্বারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


















