আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।
সেদিন ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে হামলা চালিয়ে বঙ্গবন্ধু, তার স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে হত্যা করা হয়। পরিবারের ছয় বছরের শিশু শেখ রাসেলও ঘাতকদের হাত থেকে রেহাই পাননি।
একই রাতে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু এবং বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিসহ কয়েকজন স্বজনকে। ধানমন্ডির বাসভবনে পুলিশের বিশেষ শাখার সাব-ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান ও নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলও নিহত হন।
তবে বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন করা হয়। পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন ও ছয় দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি হওয়ার মধ্য দিয়ে তিনি বাঙালির অবিসংবাদিত নেতায় পরিণত হন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর কারামুক্ত হলে ছাত্র-জনতা তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে।
১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত করেন। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে প্রাণ হারান বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্য।
দীর্ঘদিন ধরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিস্থিতিতে পরিবর্তন আসে। পরবর্তী সময়ে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়। ফলে এবার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে সরকারি ছুটি ছাড়াই।


















