দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নেভিগেটিং বাংলাদেশ এনার্জি ক্রাইসিস: ইমিডিয়েট প্রায়োরিটিজ অ্যান্ড দ্য পাথ টু এ সাসটেইনেবল এনার্জি ফিউচার’ শীর্ষক সংলাপে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘উই আর ওয়ার্কিং… এই ক্রাইসিসের সময় আসলে এখন আমার কিছু করার নাই। কারণ, এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারব না বা উইদাউট এফএসআরইউ, আমার যে গ্যাস আছে, সেটাও নামাতে পারব না।’
তিনি জানান, ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকেই বর্তমান গ্যাস সংকটের সূত্রপাত। এ পরিস্থিতিতে নতুন করে দ্রুত গ্যাস উত্তোলন করা সম্ভব নয়। একইভাবে এফএসআরইউ সচল না থাকায় আমদানি করা এলএনজি খালাস করে জাতীয় গ্রিডে সরবরাহ করাও সম্ভব হচ্ছে না।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। তবে বর্তমান প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে সংকট কাটানোর সুযোগ সীমিত।
তিনি আরও বলেন, বিদেশি প্রকৌশলীরা এফএসআরইউর মেরামত শেষ না করা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। এ সময় গ্যাসের সীমিত সরবরাহের সঙ্গে সামঞ্জস্য রেখে লোডশেডিং ব্যবস্থাপনা করতে হবে।


















