টাঙ্গাইলে পথে-ঘাটে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের বটতলায় জেলার প্রাণিপ্রেমীদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির যাত্রা শুরু হয়। সভায় প্রাণিদের নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত প্রাণিপ্রেমীরা। সভা শেষে নাহার চাকলাদারকে সভাপতি ও মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের প্রথম কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ইমরুল হাসান বাবু, যুগ্ম-সম্পাদক বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ ও কোষাধ্যক্ষ শাহ আলম সরকার। কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন কাউছার আহমেদ, মো. শাহ আলম, মিজ মুক্তি সিদ্দিকী, আনোয়ার হোসেন নয়ন ও রুহুল আমীন।
নবগঠিত সংগঠনের নেতারা জানান, টাঙ্গাইল জেলা ও পৌর এলাকায় প্রতিনিয়ত অসংখ্য বেওয়ারিশ কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণি সড়ক দুর্ঘটনা, খাদ্যাভাব ও নানা ধরনের নিষ্ঠুরতার শিকার হচ্ছে। এসব প্রাণির কল্যাণে সংগঠনটি চারটি প্রধান ক্ষেত্রে কাজ করবে—জরুরি চিকিৎসা, খাদ্য ও আশ্রয়, নিষ্ঠুরতা প্রতিরোধ এবং টিকাদান কর্মসূচি।
সড়ক দুর্ঘটনায় আহত কিংবা গুরুতর অসুস্থ প্রাণিদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শহরের নির্দিষ্ট কিছু স্থানে ভাসমান প্রাণিদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে।
প্রাণিদের ওপর যেকোনো ধরনের নিষ্ঠুরতা প্রতিরোধে আইনি সচেতনতা তৈরি এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান সংগঠনের নেতারা। জলাতঙ্কসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার রোধে পর্যায়ক্রমে বেওয়ারিশ প্রাণিদের টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচি পরিচালনার পরিকল্পনাও রয়েছে তাদের।
সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি মানবিক সমাজ গঠনে অবলা প্রাণিদের প্রতি সদয় হওয়া জরুরি। টাঙ্গাইলকে একটি আদর্শ ও প্রাণিবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে জেলার সামাজিক সংগঠন, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
নবগঠিত ‘প্রাণিকল্যাণ পরিষদ’ তাদের কার্যক্রম বাস্তবায়নে জেলার সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেছে।


















