নীলফামারীর ডিমলা থানায় দায়িত্ব পালনকালে ছাদের পলেস্তারা ধসে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় একটি সরকারি কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন থানার এএসআই মো. মসলিম উদ্দিন। হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা ধসে তার টেবিলের ওপর পড়ে। এতে তিনি কাঁধে আঘাত পান। পরে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, ‘ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় হঠাৎ ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে আমার কাঁধে আঘাত পেয়েছি। পাশাপাশি থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত একটি সরকারি ডেস্কটপ কম্পিউটার ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপারকে জানানো হয়েছে। তিনি গুরুত্বসহকারে বিষয়টি দেখছেন। দ্রুতই কক্ষটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’


















