ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে তাকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে অর্ণব দাসকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়।
এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। সাধারণ মানুষের প্রবেশ ও চলাচলের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সাধারণ মানুষকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।


















