ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা-২০২৬।
শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার চর্চাকে আরও বেগবান করার লক্ষ্যে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরিষাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সভাপতি, বিশিষ্ট কবি ও সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। কবি বিউটি পারভীন ও জাহানারা কুলসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কবি ফরিদ আহমদ দুলাল, পেট্রোবাংলার আরপিজিসিএলের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব ফরিদ আহম্মদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক, কবি, লেখক ও গবেষক ড. অশোক বিশ্বাস, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, ময়মনসিংহের পরিচালক প্রফেসর মো. এনামুল হক তালুকদার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল এহছান, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ নুরুজ্জামান, শিক্ষা বিষয়ক গবেষক, লেখক ও কলামিস্ট মো. আবুল হোসেন সরকার, অগ্রণী ব্যাংক পিএলসির সাবেক সহকারী মহাব্যবস্থাপক এম এ জলিল, সংগীতশিল্পী, লেখক ও অভিনেতা আমিনুল হক এবং শরীয়তপুর সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. মজিবর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মো. রাজিবুর রহমান।
আয়োজনে ধনবাড়ী, সরিষাবাড়ীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাহিত্যানুরাগী শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখায় বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত ‘ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানের মিডিয়া কভারেজের দায়িত্ব পালন করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি ইমাম হাসান সোহান।


















