ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এক জওয়ানের এলোপাথাড়ি গুলিতে দুই সহকর্মী নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসংলগ্ন এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (তারিখ) বিকেলে বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে কর্মরত জওয়ান শিবম মিশ্র হঠাৎ করেই সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএসএফ সূত্র জানিয়েছে, গুলিতে কুমার সিং এবং মহারাষ্ট্রের ৩৭ বছর বয়সী আম্বাদার সুরেশ দারগু নিহত হন। এছাড়া পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা ৪৪ বছর বয়সী জওয়ান বিকাশ ব্রহ্ম গুরুতর আহত হয়েছেন। তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য।
জানা গেছে, অভিযুক্ত শিবম মিশ্রের বাড়ি ছত্তিশগড়ে। প্রায় এক বছর আগেও সহকর্মীদের দিকে গুলি চালানোর অভিযোগে তিনি বিএসএফ আইনে শাস্তি পেয়েছিলেন। কয়েক দিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। তাকে বাড়ি পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই আবারও তিনি সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, এ ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

















