নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই গ্রামের প্রবাসী রাকিব হত্যাকাণ্ডের বিচার এবং ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে সোনাইমুড়ী বাইপাস গোলচত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রবাসী রাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, এ ঘটনায় নিহতের স্ত্রী মিম, তার কথিত পরকীয়া প্রেমিক ফয়েজসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, প্রবাসী রাকিব হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে আন্দোলন অব্যাহত রয়েছে।


















