সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত ভিডিওটি আসল বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
মঙ্গলবার (২১ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করে অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে তাদের অনুসন্ধানে এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে বলা হয়েছে, ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো ধরনের দৃশ্যগত অসামঞ্জস্য বা এআই-নির্মিত কনটেন্টের লক্ষণ পাওয়া যায়নি। একই সঙ্গে ভিডিওটির অডিও বিশ্লেষণেও কোনো অসংগতি শনাক্ত হয়নি। ভিডিওটির বিভিন্ন উপাদান পৃথকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিষ্ঠানটি নিশ্চিত হয়েছে যে এটি এআই দিয়ে তৈরি নয়, বরং বাস্তব ভিডিও।
এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতের পক্ষ থেকে এটিকে ‘ফেক’ ও ‘এআই-নির্মিত’ বলে দাবি করা হয়েছিল। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে ভিডিওটি আসল হিসেবে চিহ্নিত হওয়ার পর জেলা জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট নারীকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়েছে।
তবে ভিডিওটির ব্যক্তিগত বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবির স্বাধীন সত্যতা পৃথকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


















