নিরাপত্তাজনিত কারণে কাতারের উপহার দেওয়া বোয়িং উড়োজাহাজে দেশে ফিরবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি আগে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত একটি উড়োজাহাজে ফিরবেন বলে জানান।
তুরস্কে অনুষ্ঠিত উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি দাবি করেন, ইরান একটি হত্যার তালিকা প্রকাশ করেছে, যেখানে তার নাম এক নম্বরে রয়েছে।
ট্রাম্প বলেন, “ইরান সুযোগ পেলে সবার আগে আমাকেই হত্যা করবে।”
জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার স্থাপনা ও নৌযানে হামলা চালায়।
পরে ইরানও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
ট্রাম্প অভিযোগ করেন, তেহরান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং এ নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন।
তার দাবি, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি দেশটিকে গত প্রায় পাঁচ দশক ধরে ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা রাষ্ট্র’ বলেও মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমি মনে করি না, ইরানের সঙ্গে এই চুক্তি টিকবে।” তিনি আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলা চালাবে। তার দাবি, মার্কিন বাহিনী এক রাতেই ইরানের ২৮টি নৌযান ধ্বংস করেছে এবং প্রয়োজন হলে আরও নৌযান লক্ষ্যবস্তু করা হবে।
এ ছাড়া তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্পের ভাষায়, “ইরানের কাছে যদি পারমাণবিক বোমা থাকত, তবে তারা সেটি ব্যবহার করত।”
তিনি আরও বলেন, কূটনৈতিক সমাধান না হলেও যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেবে না। প্রয়োজনে ইরানের বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে বলেও তিনি দাবি করেন, যদিও এমন পরিস্থিতি তৈরি হবে না বলেই আশা প্রকাশ করেন।
এ ছাড়া ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে এবং দেশটির বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপও করতে পারে।
সূত্র: সামা টিভি।

















