জীবন্ত মানব নিউরন ব্যবহার করে গবেষণাগারে একটি কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি করেছে ইরান। দেশটির কর্মকর্তাদের দাবি, এই নিউরনগুলো এমন স্নায়বিক নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম, যা শেখার ক্ষমতা রাখে। এর মাধ্যমে ‘অর্গানয়েড ইন্টেলিজেন্স’ বা জৈবভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় ইরানও যুক্ত হয়েছে।
ইরানের কগনিটিভ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্কফোর্সের সেক্রেটারি আতাউল্লাহ পুর-আব্বাসি বার্তা সংস্থা মেহেরকে জানান, মানবদেহের বাইরে স্নায়ুকোষ (নিউরন) বৃদ্ধি করার প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে ইরান। এসব কোষ পরস্পরের সঙ্গে সিন্যাপস তৈরি করে মস্তিষ্কের মতো শেখার সক্ষমতাসম্পন্ন নিউরাল নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।
তিনি বলেন, “মস্তিষ্কের কোষভিত্তিক কম্পিউটার প্রসেসর তৈরির ভিত্তি এটিই।” তার দাবি, একটি দেশীয় জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান ইতোমধ্যে এই প্রযুক্তির পরীক্ষামূলক একটি প্রোটোটাইপ তৈরি করেছে।
পুর-আব্বাসির মতে, কোষভিত্তিক এই প্রযুক্তির দুটি বড় সুবিধা রয়েছে। এটি তথ্য প্রক্রিয়াকরণের গতি বাড়াতে পারে এবং প্রচলিত সিলিকন চিপের তুলনায় বিদ্যুৎ ব্যবহারের হার প্রায় ১০ লাখ গুণ কম হতে পারে।
তবে প্রযুক্তিটি এখনো বাণিজ্যিক ব্যবহারের পর্যায়ে পৌঁছায়নি। ইরানের দাবি, প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান দেশীয়ভাবেই অর্জন করে তারা বিশ্বের অগ্রণী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।
‘অর্গানয়েড ইন্টেলিজেন্স’ প্রযুক্তিতে জীবন্ত মানব নিউরন ব্যবহার করে এমন কম্পিউটিং ব্যবস্থা তৈরির চেষ্টা করা হয়, যা কম শক্তি খরচে মানুষের মস্তিষ্কের মতো তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে।


















