পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবি ওরফে আয়েশা গিলামানাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের অভিযোগ, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় গাড়িতে তার ভাই-বোনও ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ আগস্ট একটি পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। নিহতের বাবা ফজল সাহেবজাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা মামলা করেছে।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে ফোন পান শামসো বিবি। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়। এরপর তিনি ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে বের হন।
পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি শামসো বিবির ঘাড়ে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।
নিহতের বাবা পুলিশকে জানান, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। অর্থ ফেরত চাওয়াকে কেন্দ্র করে তারা শামসো বিবিকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় এর আগে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয়েছিল।
বাবার সন্দেহ, কাউসার ও জাভেদ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন অথবা অন্য কাউকে দিয়ে হামলা চালিয়ে থাকতে পারেন। একই সঙ্গে ঘটনার আগে শামসো বিবিকে ফোন করা কাশিফের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
পরিবারের তথ্য অনুযায়ী, শামসো বিবি প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন। প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ অনুসারী ছিল।


















