চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরব-এ এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
সোমবার (২৫ মে) এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
প্রকাশিত তথ্যে জানা গেছে, মৃতদের মধ্যে মক্কায় ১৯ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।
এদিকে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।
এ ছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন আরও ৭৭৪ জন।
হজযাত্রী পরিবহনে এ পর্যন্ত মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ৩০টি ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে গেছেন ১২ হাজার ১৫৭ জন।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট গেছে ২১ মে।
হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।


















