রাজধানীর ধানমন্ডি ও শেরে বাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২২ মে) ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে এবং জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (২৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে শেরে বাংলা নগর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— শ্যামল চন্দ্র, আয়াতুল হক, সিয়াম, মেহেদী হাসান মিয়াদ খান, তারেক রহমান ও সেলিম প্রধান শ্রাবণ।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ জানতে পারে, জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকার আশপাশে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে অভিযান চালিয়ে ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মুরাদসহ আরও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















