পহেলা বৈশাখ উপলক্ষে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিজাতীয় প্রভাব প্রতিরোধের আহ্বান জানিয়ে রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রায় নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অংশগ্রহণকারীরা গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসেবে পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলসহ নানা লোকজ উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
বাঙালিয়ানার ঐতিহ্যবাহী সাজে শিশুদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
শোভাযাত্রা চলাকালে দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানের পরিবেশনায় নববর্ষের আবহ সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা গান ও আনন্দের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন।
শোভাযাত্রার আগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব থেকে সমাজকে রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে হবে।
এ সময় বক্তারা এমন সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানান, যা তাদের মতে ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর পরিপন্থী।


















