না ফেরার দেশে চলে গেছেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে কার্ডিয়াক অ্যারেস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এবিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি রেডিওতে কর্মরত ছিলেন তিনি। মাঝেমধ্যে অভিনয়ে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে নতুন কাজের খবর পাওয়া যায়নি। সর্বশেষ ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— ‘মন জানে না মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’।
২০০৯ সালে ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


















