মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে বাংলাদেশসহ পুরো বিশ্বের উদ্বেগ রয়েছে। সরকার নিশ্চিত করতে চায় যাতে কোন ডিজাস্টার না ঘটে।”
মন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তার অনুরোধ করেছে। পল কাপুর বিষয়টি মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানাবেন।
তিনি আরও বলেন, “যদি জ্বালানি সাশ্রয় করে ব্যবহার করা হয়, তাহলে ঈদের ছুটি বা মার্চ মাস পর্যন্ত দেশের মজুত জ্বালানি দিয়ে চলা সম্ভব।”
দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি বেড়ে যাওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন এবং জানান, “বাংলাদেশের তেল ভারতে পাচার হচ্ছে। এই পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।”


















