বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পেলেও তা বাড়িয়ে ৬০ শতাংশ করার পরিকল্পনা করা হচ্ছে।
বুধবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বোনাস ৬০ শতাংশ করা হলে অতিরিক্ত প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। মোট ব্যয়ের হিসাব নির্ধারণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে।
অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন শিক্ষক-কর্মচারীরা বাড়তি বোনাস পান সে লক্ষ্যেই দ্রুত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আগে এমপিওভুক্ত শিক্ষকেরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের আন্দোলনের মুখে শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।


















