জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি (রবিবার) থেকে পুনরায় চালু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,“আগামী রবিবার থেকে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের তথ্য সংশোধন কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।”
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার প্রয়োজনে গত ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন।
তবে এ সময় জরুরি সংশোধন সেবা চালু রাখা হয় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে এনআইডি অনুবিভাগে সীমিত পরিসরে সংশোধন কার্যক্রম অব্যাহত ছিল।
ভোটার সংখ্যা নির্বাচন কমিশনের তথ্যমতে, চলতি নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
এর মধ্যে—
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন
মহিলা ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন
তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন
এবারের চূড়ান্ত ভোটার তালিকায় চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, কেবল তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।


















