অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের অপশাসন দূর করতে সংস্কার জরুরি এবং সে কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে সরকার। শেখ হাসিনার মতো আর যেন কোনো দৈত্য-দানব তৈরি না হয়, সে লক্ষ্যেই জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, চুরি-চামারি বন্ধ করতে হলে সংস্কার ছাড়া কোনো বিকল্প নেই। বিগত সরকার ব্যাংকের টাকা লুটপাট করে খেয়ে গেছে, যার দায় এখন বর্তমান সরকারের ওপর এসে পড়েছে।
গণভোট নিয়ে সমালোচনার জবাবে শফিকুল আলম বলেন, যারা এ বিষয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি সীমিত। সারা বিশ্বেই সরকার কখনো ‘হ্যাঁ’, কখনো ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে গণভোটে যায়, এতে অস্বাভাবিক কিছু নেই।
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। সম্প্রতি ক্যাবিনেট বৈঠকেও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতির কথা জানিয়েছেন। রিটার্নিং ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম শেষ হয়েছে। এখন কেবল ভোটের অপেক্ষা।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার আশঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়ে শফিকুল আলম বলেন, তার আশঙ্কা অমূলক। সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং কাজের মাধ্যমেই তা প্রমাণ করা হবে। এই সরকারের কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই।
যমুনায় তারেক রহমানের পরিবার নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এটি ছিল সম্পূর্ণ পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। ডিনারের কোনো আয়োজন হয়নি এবং সেখানে সরকারের কোনো অফিসিয়াল ব্যক্তিও উপস্থিত ছিলেন না।
এর আগে শফিকুল আলম আখাউড়ার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) এর মাজার শরীফ জিয়ারত করেন। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















