ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব কাগজপত্র ও আবেদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। সেগুলোর সবই ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যেসব আবেদন বা কাগজপত্র চালু আছে। তার কোনোটিরই সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও জানান, একটি অ্যাপস পরীক্ষামূলকভাবে (ট্রায়াল ভিত্তিতে) কিছুদিন ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। অ্যাপসটি চূড়ান্ত করা হলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানাবে।
এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অননুমোদিত আবেদন বা কাগজপত্রে অংশ না নেওয়ার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।


















