সরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ জানিয়েছেন, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
স্মোতরিচ দাবি করেন, “গত রাতে হেগের ইহুদিবিদ্বেষী আদালত আমার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের প্রধান কৌঁসুলির আবেদনের ভিত্তিতে এ পরোয়ানা জারি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে আইসিসি মূলত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা চায় ইসরায়েল নিরাপত্তাগত দিক থেকে আত্মহত্যা করুক।”
ইসরায়েলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় দখলদারিত্ব ও ইহুদি বসতি সম্প্রসারণ প্রকল্পে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন কর্মকর্তা ও দুই রাজনীতিবিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। অভিযুক্ত দুই রাজনীতিবিদের একজন স্মোতরিচ।
অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, পরোয়ানাভুক্ত অপর রাজনীতিবিদ হলেন ইতামার বেন-গিভির। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণে তারও সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে।
তবে আইডিএফের যে তিন কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঠিক কবে এ পরোয়ানা জারি হয়েছে, সে তথ্যও স্পষ্ট নয়।
সংবাদ সম্মেলনে স্মোতরিচ আরও বলেন, “তোরাহ ও বাইবেলে উল্লেখ আছে, জুদেয়া ও সামারিয়া (বর্তমান পশ্চিম তীর) ইহুদিদের মাতৃভূমি। আমরা শুধু আমাদের মাতৃভূমি পুনরুদ্ধারের চেষ্টা করছি।”
সূত্র: আনাদোলু এজেন্সি।

















