আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকা ছাপানোর সময় রাজধানী ও গাজীপুরে অভিযান চালিয়ে তিন সদস্যের একটি চক্রকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মজিবুর রহমান, মো. দুলাল মৃধা ও মো. মামুন।
ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরাপূর্ব থানা এলাকার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান চালিয়ে জাল টাকা কেনাবেচার সময় মজিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে আরও ৩৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
অভিযানে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা এক হাজার টাকার নোট, তরল গাম, কাটার এবং জলছাপ বসানোর ডাইস জব্দ করা হয়েছে।
ডিবির দাবি, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে তিনটি মেশিনে দিনরাত জাল টাকা ছাপানো হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। ঈদ উপলক্ষে পশুর হাট ও বিপণিবিতানে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল তাদের।
ডিবি আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


















