শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা থেকে একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ হিমেল মীরকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্প। এর আগে, বুধবার (১৫ এপ্রিল) তাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সে, আশুলিয়া থানার জামগড়া এলাকার জামান মীরের ছেলে হিমেল মীর (২৬) ।
র্যাব সূত্র জানায়, আশুলিয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ আসামি হিমেল মীর তার ক্যাডার বাহিনীর সহযোগিতায় আশুলিয়ার বিভিন্ন এলাকাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। বিশেষ করে আন্তঃজেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশি ও বিদেশি অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি এবং চাঁদার টাকা না পেলে মারধরসহ শারীরিক নির্যাতন চালাতো তারা।
এ ছাড়া তারা প্রাণে মারার হুমকি প্রদান করা ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি-ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক, গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানাতে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















