মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে প্রথমে স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে ছুটে গিয়ে একই পরিণতির শিকার হন স্ত্রী। কয়েক মুহূর্তের ব্যবধানে নিভে যায় একই পরিবারের দুটি প্রাণ।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বলদিপাড়া এলাকার আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গেলে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে যান স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়ানোর চেষ্টা করার সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাবেয়া বেগমও কিছুক্ষণ পর মারা যান।
খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















