মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের রাজিবপুরে রাস্তায় মাটি ফেলা নিয়ে সংর্ঘষের ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত হামিদুল ইসলাম (২৭) উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রাজিবপুর থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মূল আসামিসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলো, নাছির উদ্দিন (৩৫), মৌসুমি (২৫) ও সানজিদা (২৫ )। আজ রোববার সকালে আসামিদের ফাঁসির দাবিতে রাজিবপুর বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত হামিদুল তার প্রতিবেশী মফিজলের ছেলে নাসিরের সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে দীর্ঘদিন থেকে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাস্তার মাটি ফেলা নিয়ে হামিদুলের সঙ্গে নাসিরের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে নাসির উত্তেজিত হয়ে একটি বাগি দিয়ে হামিদুলের ঘাড়ে ও পেটে জোরে আঘাত করে। অন্যরাও কিলঘুষি মারতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর পরিবারের লোকজন হামিদুলকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজিবপুর থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ রোববার (২৮ এপ্রিল) সকালে কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। তিন জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

















