নিজস্ব সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কামারখালী নদীর ওপর একটি গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য জনাব নাছির উদ্দিন চৌধুরী বরাবর একটি আনুষ্ঠানিক আবেদন পেশ করা হয়েছে।
গত ১৯শে এপ্রিল, জগদল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রুবেল আহমদ এলাকাবাসীর পক্ষ থেকে এই আবেদনপত্রটি সংসদ সদস্যের নিকট হস্তান্তর করেন।
আবেদন সূত্রে জানা যায়, গরমা ফেরিঘাট থেকে রাজনগর ভায়া আটবাড়ী সড়ক (আইডি নং: ৬৯০২৯৪০৪৭)-এর আওতায় রাজনগর কামারখালী নদীর ওপর একটি গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব “গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প”-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই ব্রিজটি সরাসরি যুক্ত করবে একাধিক গ্রাম এবং বিস্তীর্ণ নলোয়ার হাওরকে।
বর্তমানে ওই এলাকায় যাতায়াতের জন্য কোনো স্থায়ী ব্যবস্থা নেই। স্থানীয় জনসাধারণ ও হাজার হাজার কৃষক একটি অস্থায়ী বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে নদী পারাপার হচ্ছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা কাজ করছে। ব্রিজটি নির্মিত হলে:
হাজার হাজার কৃষকের উৎপাদিত ফসল পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। অত্র অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে। নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ার মাধ্যমে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
এই ব্রিজটি একনেকে অনুমোদন ও দ্রুত বাস্তবায়নের পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক মোঃ রুবেল আহমদ। এলাকাবাসীর মতে, তিনি কেবল একজন সম্ভাব্য জনপ্রতিনিধি নন, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ে বরাবরই সোচ্চার।
এ বিষয়ে মোঃ রুবেল আহমদ বলেন, “রাজনগর ও এর আশেপাশের গ্রামের মানুষের প্রাণের দাবি এই কামারখালী ব্রিজ। মাননীয় সংসদ সদস্য অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কথা শুনেছেন। আশা করি, ওনার প্রচেষ্টায় এবং সরকারের বিশেষ নজরদারিতে এই স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে।
















