ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি চট্টগ্রামের অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৪ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মাজেদুল হক হেলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল।
গত ১৮ এপ্রিল হাদি হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাজেদুল হক হেলাল। এর আগে গত ১৫ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওসমান হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি ঢাকার এমআইএইচ আর্মস কোম্পানি আমদানি করে। ২০১৭ সালের ৩ ডিসেম্বর অস্ত্রটি ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্সের কাছে বিক্রি করা হয়। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পিস্তলটি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোম্পানির কাছে বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মাজেদুল হক হেলাল।
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এদিকে, কক্সবাজারের একরামুল হকের ক্রসফায়ারে মৃত্যুর ঘটনায় সেনা হেফাজতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মেফতাকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।


















