ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষিরা ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি কবি ইমাম হাসান সোহানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যসম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।


















