আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কারণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।
রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আগস্ট মাসে পুলিশ সারা দেশে সতর্কতা জারি করেছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। এ কারণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে ঢাকায় গত কয়েক দিনে বোমা সদৃশ বস্তু পাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকার ঘটনাও ঘটে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, ওই বস্তুতে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না। তবে প্রতিটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, পুলিশ সবসময় সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি কোথাও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে কি না, তা মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে সতর্কতা জারি করা হয়। পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।


















