আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে জোর তৎপরতা শুরু হয়েছে। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী।
টানা প্রায় তিন দশক ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতার প্রতি ওয়ার্ড ও ইউনিয়নের সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ব্যাপক গ্রহণযোগ্যতা লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে দিরাই উপজেলা ছাত্রদলের এক এসএসসি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সজিব রশিদ চৌধুরীর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং দিরাই পৌর ছাত্রদলের সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন। দীর্ঘ ২৬ বছরেরও বেশি সময় ধরে জেলা, উপজেলা ও পৌর রাজনীতিতে যুক্ত থাকায় তৃণমূলের সাথে তাঁর সুদৃঢ় সাংগঠনিক সম্পর্ক গড়ে উঠেছে।
রাজনীতির পাশাপাশি দিরাইয়ের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনেও সজিব রশিদ চৌধুরীর রয়েছে এক প্রশংসনীয় মেলবন্ধন। তিনি দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাংগঠনিক সম্পাদক এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত চ্যারিটি অর্গানাইজেশন ‘সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন প্রসঙ্গে সজিব রশিদ চৌধুরী বলেন, “দীর্ঘ প্রায় ৩০টি বছর আমি এই অঞ্চলের শহর ও গ্রামের প্রতিটি ধূলিকণায় মিশে আছি। এখানকার রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতিতে আপনারা—বিশেষ করে ছাত্র ও যুবসমাজই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। আমি আপনাদেরই একজন। জনগণ চাইলে আমি আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তফসিল ঘোষণার পর সবার পরামর্শ ও মতামত নিয়েই আমি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেব।
তিনি আরও যোগ করেন, যদি উপজেলাবাসী তাঁকে নির্বাচিত করেন, তবে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য দিরাই গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য। এ লক্ষ্যে তিনি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনের প্রসার, সড়ক উন্নয়ন, নাগরিক সেবা সহজ করা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাজনৈতিক জীবনে দীর্ঘ লড়াই-সংগ্রামে বহুবার হামলা ও মামলার শিকার হয়েছেন সজিব রশিদ চৌধুরী। ১/১১ পরবর্তী সময় থেকে শুরু করে বিগত ২০ বছর ধরে তিনি মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১৫ সালে রাজনৈতিক আন্দোলন চলাকালীন তিনি গুরুতর হামলার শিকার হন এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। করোনা মহামারী ও স্মরণকালের ভয়াবহ বন্যাসহ সকল দুর্যোগে দলমত নির্বিশেষে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
আসন্ন নির্বাচনে নিজের অবস্থান সুসংহত করতে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন অঞ্চলের জনগণের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন সজিব রশিদ চৌধুরী। তিনি দিরাই উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।
















