এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রগুলোর ধারণা, চলমান শিক্ষার্থী আন্দোলন, এইচএসসি পরীক্ষা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হচ্ছে।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
- শিক্ষার্থীদের নিয়ে করা বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করতে শোনা যায়। ওই মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এরপর থেকেই তাঁর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয়।
তবে বৈঠক শেষে এ বিষয়ে সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।


















