যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ‘সম্ভবত’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি চুক্তি ভঙ্গ করেছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের কিছুই নেই। তাদের হাতে কিছুই নেই।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘গত রাতে খুব কঠোর আঘাত’ হেনেছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পরিচালিত রাতভর সামরিক অভিযানের কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ওই হামলায় ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
ট্রাম্প বলেন, “আমরা তাদের নিয়ন্ত্রণে নিয়েছি। তারা পিছু হটছে। তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে।”
এদিকে, সোমবার যুক্তরাজ্যে অবস্থিত ইরানের দূতাবাস জানায়, হরমুজ প্রণালিতে একটি অস্থায়ী নিরাপদ সামুদ্রিক করিডোর চালু করা হয়েছে, যেখানে ‘প্রযুক্তিগত ও সামরিক কোনো বাধা নেই’।
তবে দূতাবাসের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে হরমুজ প্রণালি বর্তমানে একটি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল’-এ পরিণত হয়েছে।


















