মেহেরপুরে নয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত যুবক মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে।
জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামের নয় বছর বয়সী এক শিশুকে কৌশলে একটি পাটক্ষেতে ডেকে নিয়ে ভয়ভিতি দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গাংনী থানায় শিশুর পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি শাকিলকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামি পক্ষে মারুফ আহমেদ বিজন আইনজীবীর দায়িত্ব পালন করেন।
রাষ্টপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, জেলার ইতিহাসে মাত্র এক বছরের মধ্যে ধর্ষণ মামলার রায় এটি সম্ভবত প্রথম। আমরা রায়ে সন্তুষ্ট।
আসামি পক্ষে আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।


















