রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় পলাতক দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানান।
গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন- মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)।
তিনি জানান, রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার গ্রিন উড স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা যায়, গত ২৫ মার্চ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মোহাম্মদীয়া হাউজিং রোডে গ্রিন উড স্কুলের সামনে ফুটপাতে এক ছাত্রকে পথরোধ করে ছিনতাইকারীরা। তারা প্রথমে তাকে মারধর করে এবং পরে চাকু দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে সিটিটিসি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
















