জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো পাকুল্যা মধ্যেপাড়ার আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। তারা সকলেই পলাতক রয়েছেন। অপরদিকে, একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন ওই গৃহবধূ সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন।


















