রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবু হোসাইন মো. মঈনুল আহসান।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালটি ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে রমনা থানায় মামলা করেন এক নবজাতকের বাবা হাবিবুর রহমান।
ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গাফিলতি ও অবহেলার প্রমাণ পায় বলে জানানো হয়। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বরত নার্স-স্টাফদের চরম অবহেলার বিষয়টি উঠে আসে তদন্তে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৫ জুন হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে কেন লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়।
এর আগে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দোষী সাব্যস্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর আইন পর্যালোচনা শেষে অবশেষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো।


















