বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়।
গণভোট সম্পর্কে ড. ইউনূস জানান, চারটি বিষয়ে এক প্রশ্নে হ্যাঁ/না ভোট নেওয়া হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ২৭ অক্টোবর তাদের সুপারিশ জমা দেয় সরকারের কাছে। এর আগে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে আহ্বান জানায়। তবে বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি দল গণভোটে “নোট অব ডিসেন্ট” না থাকার কারণে বিপরীত অবস্থানে থেকে ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
এ অবস্থায় আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ চূড়ান্ত করা হয়। এতে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এরপর বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী, গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। নির্ধারিত সময়ে তা সম্পন্ন না হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে।


















