গণভোট কবে হবে—এ নিয়ে মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হ্যাঁ–না’ পোস্টের প্রতিযোগিতায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
জানা গেছে, নির্বাচনের আগে গণভোট নয়—এমন দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে নতুন প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থনের দাবিদার প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান নিয়ে ‘হ্যাঁ’ প্রচারণা চালাচ্ছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে ‘না’ লিখে পোস্ট দিয়েছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাঁ’ পোস্ট করে গণভোট সমর্থনে প্রচারণা চালানো হয়েছে।

এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদও দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। এর আগে সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায়সংক্রান্ত সুপারিশমালা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।


















